Skip to content
Latest stories

Stock news

বন্ড মার্কেটের উন্নয়নে সহযোগিতা করবে আইএফসি

দেশের বন্ড মার্কেট ও করপোরেট সুশাসন উন্নয়নে সহযোগিতা করবে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছে আইএফসি। এ সময়ে দুই সংস্থার মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে।বিএসইসির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। আইএফসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশ ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান ও অপারেশন্স অফিসার (ইএসজি অ্যাডভাইজরি, সাউথ এশিয়া) লোপা রহমান।বৈঠকে আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান বলেন, ‘‌বাংলাদেশের নীল ও সবুজ অর্থনীতির উন্নয়নে অর্থায়ন সহজলভ্য করতে জাতীয় টেকসই বন্ড নির্দেশিকা সহায়ক হবে। সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের (এসইসিও) সঙ্গে অংশীদারত্বের অংশ হিসেবে আইএফসি দেশে পরিবেশ, সামাজিক ও নিয়ন্ত্রণ (ইএসজি) চর্চার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অত্যন্ত ভাগ্যবান যে গুরুত্বপূর্ণ এ প্রচেষ্টায় বিএসইসির সহযোগিতা পেয়েছি।’বিএসইসি ও আইএফসির মধ্যে জাতীয় টেকসই বন্ড নির্দেশিকা বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এতে বিএসইসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং আইএফসির পক্ষে সংস্থাটির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান স্বাক্ষর করেন। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চারটি উদ্দেশ্য অর্জিত হবে। এর মধ্যে রয়েছে ইএসজি রেগুলেটরি ও রিপোর্টিং ফ্রেমওয়ার্ক শক্তিশালী হবে, টেকসই বন্ড (ব্লু, গ্রিন, পিংক বন্ডসহ) সম্পর্কিত ফ্রেমওয়ার্ক উন্নয়নে সহযোগিতা করবে এবং করপোরেট গভর্ন্যান্স কোড পুনর্মূল্যায়নে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে আইএফসি। স্থানীয় বাজার মধ্যস্থতাকারীদের ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সমস্যা, মান, সর্বোত্তম অনুশীলন-সম্পর্কিত প্রশিক্ষণ ও পরামর্শমূলক অনুষ্ঠান আয়োজনে সক্ষমতা বাড়বে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিউ ডিলিজেন্সের মান ও করপোরেট সুশাসন অনুশীলনের উন্নতিসহ পরিবেশগত সামাজিক ব্যবস্থাপনা পদ্ধতি তৈরিতে সহযোগিতা করবে। রিয়েল সেক্টর গ্রাহকদের বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা মোকাবেলা করতে সহযোগিতা করবে এবং আইএফসির পোর্টফোলিওর কোম্পানিগুলোর কার্যক্ষমতা উন্নত হবে।এছাড়া এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ লেভেলপ বন্ড মার্কেট (গ্রিন, সোশ্যাল, সাসটেইনেবিলিটি, ক্লাইমেট ও ব্লু বন্ড) গড়ে তুলতে সহায়তা করবে আইএফসি। দেশে সাসটেইনেবিলিটি বন্ড সার্ভিস প্রোভাইডারদের সক্ষমতা বাড়ানো এবং এ ধরনের বন্ডের ধারণাকে উৎসাহিত করার পাশাপাশি আইএফসি জাতীয় টেকসই বন্ড নির্দেশিকা বাস্তবায়নে বিএসইসিকে সহযোগিতা করবে। বিএসইসি সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের উন্নয়নে টেকসই অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে দুই সংস্থার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বন্ড মার্কেটের উন্নয়নে কারিগরি সহায়তা দেয়ার পাশাপাশি আইএফসি পরোক্ষভাবে দেশের বন্ড মার্কেটে বিনিয়োগও করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে টেকসই বন্ড মার্কেটে সংস্থাটির অংশগ্রহণের নজির রয়েছে। বিএসইসি দীর্ঘদিন ধরেই দেশের বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে এখনো দেশের বন্ড মার্কেট কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারেনি। তাই আইএফসির সহায়তা দেশে টেকসই বন্ড মার্কেটের উন্নয়ন করতে চায় বিএসইসি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play