বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন

Date: 2026-09-06 10:00:03
বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ সেপ্টেম্বর) বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, রোববারের দরপতনের মাত্রা ছিল অনাকাঙ্ক্ষিত। সূচকের কিছুটা ওঠানামা স্বাভাবিক হলেও এভাবে ব্যাপক দরপতন কোনোভাবেই কাম্য নয়। তাদের মতে, এদিনের পরিস্থিতিকে শুধু দরপতন হিসেবে দেখলে ভুল হবে; বরং এটিকে বাজারে এক ধরনের ধস বলেই অভিহিত করা যায়।বাজারসংশ্লিষ্টরা আরও বলেন, গত মাসের মধ্যভাগ থেকেই শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের কারণে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে এক-দুদিন সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও তা বাজারে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থায় দায়িত্বপ্রাপ্ত কমিশনের চেয়ারম্যানসহ অন্যরা বাজার উন্নয়ন ও সংস্কার নিয়ে বড় বড় বক্তব্য দিলেও বাজারের স্থিতিশীলতা ফেরাতে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।তাদের অভিযোগ, বাজারের চলমান অস্থিরতা থেকে উত্তরণে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর উদ্যোগের অভাব বিনিয়োগকারীদের হতাশ করেছে। বাজারের পরিস্থিতির প্রতিবাদে ইতোমধ্যে বিনিয়োগকারীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও তাতেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

Share this news