বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা

Date: 2026-08-17 18:56:01
বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা
বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালনে দীর্ঘদিনের একটি নিয়মগত জটিলতা দূর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন স্থানীয় পরিচালনা পর্ষদ না থাকা এসব ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটি বা মনোনীত কর্তৃপক্ষ মিউচুয়াল ফান্ডের ব্যাংক ও সিকিউরিটিজ হিসাবের স্বাক্ষরকারী মনোনয়ন দিতে পারবে।বিএসইসি (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ অনুযায়ী এতদিন মিউচুয়াল ফান্ডের হিসাব পরিচালনার জন্য স্বাক্ষরকারী মনোনয়নের ক্ষমতা কাস্টডিয়ানের পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত ছিল। তবে বাংলাদেশে কার্যরত অনেক বিদেশি মালিকানাধীন ব্যাংকের স্থানীয় কোনো পরিচালনা পর্ষদ নেই। ফলে বিধিমালার এই শর্ত বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছিল।বহুজাতিক কাঠামোর কারণে এসব ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম সাধারণত ‘ম্যানেজমেন্ট কমিটি’ অথবা নির্ধারিত ‘নমিনেটেড পারসন’-এর মাধ্যমে পরিচালিত হয়। স্থানীয় পর্যায়ে পরিচালনা পর্ষদ না থাকায় তারাই ব্যাংকের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএসইসি ১৩ আগস্ট একটি নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়েছে। এর ফলে বিদেশি মালিকানাধীন ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটি বা নির্ধারিত কর্তৃপক্ষ এখন পরিচালনা পর্ষদের বিকল্প হিসেবে মিউচুয়াল ফান্ডের ব্যাংক ও সিকিউরিটিজ হিসাবের স্বাক্ষরকারী মনোনয়ন দিতে পারবে।বিএসইসি জানিয়েছে, ২০২৫ সালের মিউচুয়াল ফান্ড বিধিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশি ব্যাংকগুলোর কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় বিদ্যমান প্রক্রিয়াগত জটিলতা দূর হবে।

Share this news