বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।এজিএমে বাংলাদেশ সরকারের শতভাগ শেয়ারহোল্ডারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, বেসিক ব্যাংক ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে এবং লোকসানের পরিমাণ কমে আসছে। এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে লোকসান আরও কমানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অব্যাহতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ব্যাংকটির আমানতও বাড়ছে, যা মানুষের আস্থার বিষয়টি তুলে ধরে। আমানত বাড়ার পাশাপাশি ঋণ ও আমানতের অনুপাত কমে এসেছে বলে উল্লেখ করে তিনি জানান, এতে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতাও বেড়েছে। তবে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি।নাজমা মোবারেক আরও বলেন, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা দক্ষ এবং ব্যাংকের মানবসম্পদের মানও ভালো। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার যৌথ প্রচেষ্টার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ব্যাংকে কর্মরতরা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবেন।