Skip to content
Latest stories

Stock news

বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা

দেশের শেয়ারবাজারে টানা পতনের ধারা অব্যাহত রয়েছে। সোমবার (১৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।বাজারসংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক পতনের মধ্য দিয়ে বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার চিত্র ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছে। তাদের অনেকের কাছেই মনে হচ্ছে, বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশন প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না।তাদের মতে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার যেভাবে ঊর্ধ্বমুখী ধারায় এগোচ্ছিল, সেই প্রবণতা অব্যাহত থাকলে এতদিনে বাজারের চিত্র আরও প্রাণবন্ত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সেই ইতিবাচক ধারায় ছন্দপতন ঘটেছে। বাজারের এই পরিস্থিতির পরিবর্তনে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ বা তৎপরতা দেখা যাচ্ছে না। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আরও বাড়ছে।বাজারসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আবারও আস্থার সংকট তৈরি হতে পারে। তাই বাজারের বর্তমান পরিস্থিতি পরিবর্তনে নিয়ন্ত্রক সংস্থাকে মনিটরিং আরও জোরদার করার পাশাপাশি কার্যকর ও ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। আর যদি নিয়ন্ত্রক সংস্থা তা করতে ব্যর্থ হয়, তাহলে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ দশমিক ২৬ পয়েন্টে নেমে এসেছে।এদিন ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২ হাজার ১৭৫ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৪টির শেয়ারদর বেড়েছে, ৩১৮টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ব্যাপকভাবে বেশি।সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কমেছে। দিন শেষে ডিএসইতে প্রায় ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এর আগের দিন রোববার ডিএসইতে প্রায় ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৩৫ কোটি ৯১ লাখ টাকা।অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন শেয়ার ও ইউনিট মিলে মোট ১০৫ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৭৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।সোমবার সিএসইতে মোট ২৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫০টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৬৭টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ দশমিক ২২ পয়েন্ট কমে ১৫ হাজার ৬২৪ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই ৬৮ দশমিক ১২ পয়েন্ট কমেছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play