আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক

Date: 2026-09-13 18:00:11
আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
ধারাবাহিক দরপতনের মধ্য দিয়েই শেয়ারবাজারে নতুন সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের বড় পতন হয়েছে। তবে সূচক কমলেও এদিন টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দরপতনের কারণে শেয়ারবাজার বর্তমানে ধসের কবলে পড়েছে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও গভীর হচ্ছে। একই সঙ্গে নতুন কমিশনের ওপরও বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন তারা।তাদের মতে, বাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর কোনো পদক্ষেপ বা উদ্যোগ দেখা যাচ্ছে না। এভাবে ধারাবাহিক দরপতন অব্যাহত থাকলে খুব শিগগিরই শেয়ারবাজার আরও তলানিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের উচিত বর্তমান কমিশন পরিবর্তন করে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করা। তা না হলে পুঁজিবাজারের পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠবে।বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৮.৫৫ পয়েন্টে নেমে এসেছে। এটি গত সাড়ে ৩ মাসের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ৩ জুন ডিএসইর প্রধান সূচক প্রায় ৫ হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করেছিল।

Share this news