Stock news
আজ এশিয়া ইন্স্যুরেন্সের পর্ষদ সভা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভা থেকে বীমা খাতের কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৮ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩১ পয়সা বা ১০ দশমিক ৮০ শতাংশ। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭২ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪ টাকা ৫২ পয়সা (পুনর্মূল্যায়িত)।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬০ পয়সা। এর আগে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ২০১৪ থেকে ২০১৯ হিসাব বছর পর্যন্ত প্রতি বছর ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬ কোটি ৪৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৮৫৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৫ দশমিক ৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৫৪ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৮ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৭ টাকা ৩০ ও ৭৭ টাকা ৮০ পয়সা।