আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও

Date: 2026-09-16 10:00:09
আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহে আগ্রহী কোম্পানিগুলোকে বিদ্যমান বিধিমালা অনুসরণ করে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার জন্য উৎসাহিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠিত কোম্পানির নতুন মূলধনের প্রয়োজন নেই, কিন্তু বিদ্যমান শেয়ারধারীরা তাদের শেয়ার অফলোডের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চান, তাদের জন্য ডাইরেক্ট লিস্টিংকে সম্ভাব্য বিকল্প হিসেবে তুলে ধরেছে নিয়ন্ত্রক সংস্থাটি।বিএসইসির মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ অনুযায়ী আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। যেসব কোম্পানি ইতোমধ্যে আইপিওর জন্য আবেদন করেছে কিংবা আবেদন করতে আগ্রহী, তাদের বিদ্যমান নিয়ম অনুসরণ করেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে বিএসইসি।বিএসইসি জানিয়েছে, ভবিষ্যতে আইপিও-সংক্রান্ত বিধিমালায় কোনো সংস্কার, পরিবর্তন বা শিথিলতা আনা হলে প্রযোজ্য ক্ষেত্রে বর্তমানে আবেদনকারী কোম্পানিগুলোকেও সেই সুবিধার আওতায় আনা হবে। তাই ভবিষ্যতে নিয়ম পরিবর্তনের সম্ভাবনার কারণে কোনো কোম্পানির আইপিও আবেদন স্থগিত বা বিলম্বিত করার প্রয়োজন নেই বলে জানিয়েছে কমিশন।

Share this news