আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন

Date: 2026-09-02 06:00:02
আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই যোগ্য কোম্পানির শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ তৈরি করতে নতুন বিধিমালার খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর খসড়াটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৭তম কমিশন সভায় অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।বিএসইসি জানিয়েছে, খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের জন্য পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারের একটি নির্দিষ্ট অংশের মাধ্যমে কোনো কোম্পানি আইপিও ছাড়াই স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।এ ক্ষেত্রে সরকারি মালিকানাধীন কোম্পানি, পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ সরকারি মালিকানাধীন কোম্পানি এবং বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানিকে যোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধন রয়েছে, এমন কোম্পানিও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে।বিটিআরসি অনুমোদিত টেলিযোগাযোগ ও আইসিটি-সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, আইসিটি অবকাঠামো ও উৎপাদনকারী কোম্পানিও এ সুবিধার আওতায় আসতে পারে।পাশাপাশি কমপক্ষে তিন বছর কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করলে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।প্রস্তাবিত বিধিমালায় কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদ রয়েছে, এমন কোম্পানিকেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।তবে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পেলেই কোনো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে না। সংশ্লিষ্ট কোম্পানিকে স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।বিএসইসির এ উদ্যোগ চূড়ান্তভাবে কার্যকর হলে নির্ধারিত যোগ্যতা পূরণকারী কোম্পানিগুলোর জন্য প্রচলিত আইপিও প্রক্রিয়ার বাইরে গিয়ে শেয়ারবাজারে প্রবেশের নতুন পথ তৈরি হবে। এতে বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

Share this news