Skip to content
Latest stories

Stock news

আইপিডিসির বন্ডে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১৫০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর জন্য সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত নভেম্বরে বিএসইসির ৮৪৫তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, গত বছরের জুনে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল আইপিডিসির পর্ষদ। ছয় বছর মেয়াদি পুরোপুরি অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য এ ফ্লোটিং রেট বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের কুপন হার হবে ৭ দশমিক ৫০ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ আইপিডিসি ফাইন্যান্সের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে ব্যবহার করা হবে। বন্ডটির ট্রাস্টি ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এ বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার শর্তারোপ করেছে বিএসইসি।চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আইপিডিসি ফাইন্যান্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬২ কোটি টাকা। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬৩ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, যা এর আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৯ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা এর আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৫৯ পয়সায়।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আর্থিক খাতের কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয় ২ টাকা ৩৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ১২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।ডিএসইতে গতকাল আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের সমাপনী দর ছিল ৫৭ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৩ টাকা ৮০ পয়সা ও ৭৭ টাকা ২০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play