আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
বিদেশে অর্থ পাচারের অভিযোগে যুক্তরাজ্যে ১৬টি বাড়ি ও ফ্ল্যাট গড়ে তোলার অনুসন্ধানের মধ্যে এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের নিয়ন্ত্রিত জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অনুরোধের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বিএফআইইউ সম্প্রতি আদনান ইমামের নিয়ন্ত্রিত শেয়ার হস্তান্তর ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা নিতে বিএসইসির কাছে একটি অনুসন্ধান প্রতিবেদন পাঠায়। ওই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বিএসইসির নির্দেশনায় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) আদনান ইমামের দুটি বিও হিসাবের ডেবিট লেনদেন স্থগিত করেছে।বিএসইসির নির্বাহী পরিচালক আবুল কালাম বলেন, আদনান ইমামের বিষয়ে বিএফআইইউর পাঠানো অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। এরই অংশ হিসেবে অভিযুক্ত ব্যক্তির বিও হিসাব থেকে জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।এর আগে গত ১২ আগস্ট ‘পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আগামীর সময়। ওই প্রতিবেদনে আদনান ইমামের বিরুদ্ধে বিএফআইইউর অনুসন্ধানে উঠে আসা বিভিন্ন অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ তুলে ধরা হয়।বিএসইসির নির্দেশনার পর সিডিবিএল আদনান ইমামের সংশ্লিষ্ট বিও হিসাবগুলোর ডেবিট লেনদেন বন্ধ করে দিয়েছে। ফলে এসব হিসাব থেকে জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি কিংবা অন্য কোনো হিসাবে স্থানান্তরের সুযোগ থাকছে না।