৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত

Date: 2026-09-14 06:00:03
৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত প্রায় ৯৬৮ কোটি টাকা নতুন মূলধন সংগ্রহে রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণার পর কোম্পানিটির পরিচালনা পর্ষদ বড় অঙ্কের মূলধন সংগ্রহের এ প্রস্তাব করেছে।রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদ প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যু করতে চায়। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। পর্ষদের প্রস্তাব বাস্তবায়িত হলে কোম্পানিটি মোট ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা নতুন মূলধন সংগ্রহ করতে পারবে।জিপিএইচ ইস্পাতের আর্থিক সক্ষমতার চিত্রেও বড় অঙ্কের মূলধন সংগ্রহের প্রস্তাবটি গুরুত্ব বহন করছে। কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে মাত্র ৭ পয়সা।অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৮১ পয়সা। এ অবস্থায় প্রায় ৯৬৮ কোটি টাকা নতুন মূলধন সংগ্রহের প্রস্তাবের প্রয়োজনীয়তা এবং সংগৃহীত অর্থের ব্যবহার কী হবে তা বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ ও প্রশ্ন তৈরি করতে পারে। এর আগে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর একটি প্রস্তাব বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।২০২৫ সালের ২৭ মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে বিএসইসি। ওই সময় কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহের আবেদন করেছিল। তখন কমিশন জানিয়েছিল, দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনায় প্রস্তাবটি বাতিল করা হয়েছে।এর মাত্র কয়েক সপ্তাহ পর, ২০২৫ সালের ২২ জুন কোম্পানিটির ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও বাতিল করে বিএসইসি। ঋণ পরিশোধের জন্য ওই অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিল কোম্পানিটি।অর্থাৎ, গত এক বছরের মধ্যে জিপিএইচ ইস্পাত একাধিকবার বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে। আগের দুটি প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না পেলেও এবার আরও বড় অঙ্কের অর্থ সংগ্রহে রাইট শেয়ার ইস্যুর নতুন প্রস্তাব দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

Share this news