Skip to content
Latest stories

Stock news

৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা

আর্থিক নিরাপত্তার আশায় মানুষ লাইফ ইনস্যুরেন্স বা জীবন বিমা পলিসি করেন। উদ্দেশ্য একটাই—মেয়াদ শেষে বা বিমাকারীর মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ উল্টো। দেশের ৩৬টি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কাছে পলিসিধারীদের প্রায় ৪,৮৯৪ কোটি টাকারও বেশি বিমা দাবি বকেয়া পড়ে আছে। টাকা না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হাজার হাজার গ্রাহক। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ডাটা অনুযায়ী, আলোচ্য সময়ে ৩৬টি জীবন বিমা কোম্পানির মোট দাবির পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ১৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিগুলো পরিশোধ করেছে মাত্র ২ হাজার ২৪৬ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট দাবির একটি ছোট অংশ। ফলে বিশাল অঙ্কের ৪ হাজার ৮৯৪ কোটি টাকারও বেশি দাবি এখনো অমীমাংসিত রয়ে গেছে। সবচেয়ে শোচনীয় দশায় ফারইস্ট ইসলামী লাইফ বিমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের চিত্রে বিশাল ফারাক লক্ষ্য করা গেছে। যেখানে কিছু কোম্পানি শতভাগ দাবি নিষ্পত্তি করেছে, সেখানে কয়েকটি প্রতিষ্ঠানের নিষ্পত্তির হার ১ শতাংশেরও নিচে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স। কোম্পানিটির মোট ৩ হাজার ৭৭২ কোটি ৭১ লাখ টাকার দাবির বিপরীতে পরিশোধ করেছে মাত্র ৪২ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ তারা প্রায় ৯৯ শতাংশ দাবিই পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। বকেয়া দাবির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ। তাদের ২৮১ কোটি টাকার বেশি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে মাত্র ৫ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া সানফ্লাওয়ার লাইফ, প্রগ্রেসিভ লাইফ এবং বায়রা লাইফের অবস্থাও অত্যন্ত নাজুক। বায়রা লাইফের ৮০ কোটিরও বেশি টাকার দাবি থাকলেও তারা পরিশোধ করেছে মাত্র ২৫ লাখ টাকা, যার নিষ্পত্তির হার মাত্র ০.৩ শতাংশ। হোমল্যান্ড, গোল্ডেন লাইফ এবং সানলাইফ বিমার চিত্রও বেশ হতাশাজনক।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play