Stock news
সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ডে নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্ব শায়লা বানু ঝুমুর। ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন।
শায়লা বানু ঝুমুর কুমিল্লার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেছেন।
আন্তর্জাতিক বাণিজ্য ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পরিচালনায় তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি মূলত সোয়েটার উৎপাদন খাতে কাজ করে।
দীর্ঘদিনের শিল্প ও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার পাশাপাশি সামষ্টিক অর্থনীতি সম্পর্কে তাঁর জ্ঞান পেশাগত দক্ষতাকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা তাঁর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ভূমিকা রেখেছে। ব্যাংকের করপোরেট সুশাসন ও নীতিনির্ধারণী কার্যক্রমে তাঁর এই অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করা হচ্ছে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় শায়লা বানু ঝুমুর। তিনি দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।