Skip to content
Latest stories

Stock news

এপেক্স ট্যানারির শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে প্রায় ১০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে এপেক্স ট্যানারির শেয়ারদর ছিল ৯৯ টাকা ৩০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ২০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ লাখ ৭৭ হাজার ১৫৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে এপেক্স ট্যানারির বিক্রি হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে বিক্রি ছিল ৬২ কোটি ৪৭ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির বিক্রি কমেছে ৩৮ দশমিক ২৯ শতাংশ। বিক্রি কমার পাশাপাশি বিভিন্ন ব্যয়বৃদ্ধির চাপে আলোচ্য সময়ে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২৪ লাখ টাকা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির বিক্রি হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ বিক্রি ৫৮ দশমিক ২৬ শতাংশ কম। আগের হিসাব বছরের দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটির বিক্রি হয়েছিল ৩৩ কোটি ৪৯ লাখ টাকা। সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২ কোটি ৯৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছিল ১১ লাখ টাকা। লোকসান হওয়ার কারণ হিসেবে এপেক্স ট্যানারি কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচ্য সময়ে তাদের বিক্রি কমে গেছে। পাশাপাশি রাসায়নিক খরচ বৃদ্ধি ও পণ্য বিক্রির জন্য প্রচারণামূলক ব্যয় বেড়েছে। এসব কারণে আলোচ্য সময়ে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে।২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ট্যানারি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৩৪ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৩ টাকা ৩৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৩ টাকা ১৭ পয়সা। ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ট্যানারি। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১৯ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৩ টাকা ১৭ পয়সায়। ২০১৯-২০ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়। এছাড়া ২০১৭-১৮ ও ২০১৬-১৭ হিসাব বছরে ৪০ শতাংশ করে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play