যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। চলতি বছরের প্রথম আট মাসে রপ্তানি কমে যাওয়ায় দেশটির পোশাক বাজারে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারকের অবস্থান হারিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশকে পেছনে ফেলে ওই স্থান দখল করেছে চীন। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে রয়েছে।ইতিহাস পড়ুনযুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ৫৩৯ কোটি ৩৪ লাখ ডলার বা ৫.৩৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি ৪ দশমিক ৪৩ শতাংশ কম।অন্যদিকে একই সময়ে চীন যুক্তরাষ্ট্রে ৫৬৩ কোটি ৭ লাখ ডলার বা ৫.৬৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে চীনের ক্ষেত্রেও রপ্তানি কমেছে উল্লেখযোগ্য হারে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটির পোশাক রপ্তানি কমেছে ৩৯ দশমিক ৩৯ শতাংশ। এরপরও বাংলাদেশের চেয়ে বেশি রপ্তানি করায় যুক্তরাষ্ট্রের বাজারে চীন দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।যুক্তরাষ্ট্রের বাজারে বরাবরই পোশাক রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। চলতি বছরের প্রথম আট মাসেও দেশটি সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে। এ সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ১ হাজার ৯৭ কোটি ৫৬ লাখ ডলারের পোশাক আমদানি করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় দেশটির রপ্তানি কমেছে শূন্য দশমিক ৭৬ শতাংশ।