সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছিল। সরকারের দায়িত্ব গ্রহণের পর বাজারে টানা উত্থান দেখা দিলে চাঙা হয়ে ওঠে শেয়ারবাজার। বাড়তে থাকে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও লেনদেন। একই সঙ্গে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে অনেক বিনিয়োগকারী মুনাফার মুখও দেখেন। বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ এবং ধারাবাহিক উত্থানের ফলে একপর্যায়ে বাজারের প্রধান সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়।ডেরিভেটিভ ট্রেড করুনবাজারকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পরবর্তীতে নতুন কমিশন গঠন করা হয়। তবে বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। বরং বাজার স্থিতিশীল করার পরিবর্তে ধারাবাহিক দরপতনের কারণে শেয়ারবাজার বর্তমানে তলানির দিকে অবস্থান করছে।বাজারসংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং শেয়ারবাজারের উন্নয়নের লক্ষ্যেই সরকার নতুন কমিশন গঠন করেছে। কিন্তু বর্তমান কমিশন বাজার নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের অভিযোগ, কমিশনের পক্ষ থেকে বাজার সংস্কার ও বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও ধারাবাহিক দরপতন ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। ফলে শুধু ভবিষ্যতের সংস্কার ও উন্নয়নের কথা না বলে প্রথমে বাজারের চলমান সংকট মোকাবিলা করা জরুরি।