সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেঞ্চমার্ক বা প্রধান সূচক ‘সিএসই৫০’ -এ বড় ধরনের রদবদল আনা হয়েছে। নিয়মিত অর্ধবার্ষিক পর্যালোচনা ও পুনর্বিন্যাসের অংশ হিসেবে এবার সূচকটি থেকে ৭টি তালিকাভুক্ত ব্যাংককে বাদ দেওয়া হয়েছে। আগামী ১১ অক্টোবর ২০২৬ থেকে নতুনভাবে পুনর্গঠিত এই সূচকটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।সূচক থেকে বাদ পড়া ব্যাংকগুলোর তালিকায় রয়েছে—আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মারকেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।বাদ পড়া সাতটি ব্যাংকের শূন্যস্থান পূরণ করতে এবং খাতভিত্তিক বৈচিত্র্য বজায় রাখতে দেশের শেয়ারবাজারের বিভিন্ন সম্ভাবনাময় খাতের সাতটি নতুন কোম্পানিকে সিএসই৫০ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বিএসআরএম স্টিলসে, বার্জার পেইন্টস, ঢাকা ব্যাংক, ফাইন ফুডস, হাইডেলবার্গ মেটেরিয়ালস, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।উল্লেখ্য, সিএসই৫০ সূচকটি প্রতি বছর দুইবার পর্যালোচনা করা হয়। প্রতি বছরের জুন এবং ডিসেম্বর—এই দুই মেয়াদের বিগত ছয় মাসের লেনদেন ও পারফরম্যান্সের তথ্যের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়ে থাকে। কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার বাদ দিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত সেরা ৫০টি সক্রিয় ও তরল (liquid) শেয়ার নিয়ে গঠিত এই সূচকটি দেশের মূলধনী বাজারের সামগ্রিক গতিপ্রকৃতির মূল নির্দেশক বা বেঞ্চমার্ক হিসেবে কাজ করে।