শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় এগোচ্ছে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলের অনুমোদিত প্রস্তুতকারক ও বাংলাদেশে একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান রানকন মোটর বাইকস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি করপোরেট ও শেয়ারবাজারবিষয়ক পরামর্শক এবং ইস্যু ম্যানেজার নিয়োগের জন্য পৃথক চুক্তি করেছে।চুক্তি অনুযায়ী, লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেড (এলসিএএল) রানকন মোটর বাইকসকে করপোরেট ও ক্যাপিটাল মার্কেট বিষয়ে পরামর্শ দেবে। অন্যদিকে, সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড প্রস্তাবিত তালিকাভুক্তির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।বুধবার ঢাকার তেজগাঁওয়ে র্যাংস বাবিলোনিয়ায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। রানকন মোটর বাইকসের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের নির্বাহী পরিচালক এরশাদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।সংশ্লিষ্ট ইস্যু ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সূত্রের বরাতে জানা গেছে, রানকন মোটর বাইকস সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারবাজারে আসার জন্য আবেদন করতে পারে। এটি বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজারে এককভাবে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রানকন মোটর বাইকসের তালিকাভুক্তি একটি উল্লেখযোগ্য ঘটনা হবে।এর আগে মোটরসাইকেল ও থ্রি-হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।