পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
দেশের অন্যতম প্রাচীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংকের শীর্ষ পর্যায়ের দুই কর্তা—চেয়ারম্যান মঞ্জুরুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, নিয়োগ বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক মুদ্রা লেনদেন ও আমদানি বিল পরিশোধের নামে বিশাল অঙ্কের অর্থ তছরুপের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থাটি।দুদক সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ২১১ কোটি টাকার আর্থিক দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের প্রাথমিক অভিযোগের আনুষ্ঠানিক অনুসন্ধান চলছে। পুরো বিষয়টি অনুসন্ধানের জন্য এরই মধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যেখানে ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ের একজন সহকারী পরিচালক প্রধান তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।চলমান এই অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাংকটির অতিরিক্ত মূল্যে বৈদেশিক মুদ্রা বা মার্কিন ডলার ক্রয়ের ঘটনা। বাংলাদেশ ব্যাংকের একটি আগের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে যে, ব্যাংকের একটি নির্দিষ্ট শাখা নির্ধারিত বাজারদরের চেয়ে অস্বাভাবিক বেশি দামে ডলার সংগ্রহ করেছে। যেখানে তৎকালীন সময়ে ডলারের স্বাভাবিক দাম ১০৯ টাকা থেকে ১১০ টাকা ৫০ পয়সার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, সেখানে প্রতি ডলার ১১৩ টাকা থেকে সর্বোচ্চ ১২৩ টাকা ৬০ পয়সার পর্যন্ত উচ্চমূল্যে কেনা হয়েছে।