পুঁজি বাঁচিয়ে মুনাফার সন্ধানে সাধারণ বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে নতুন করে ঝুঁকি নিতে চাইছেন না সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজি সুরক্ষার পাশাপাশি সম্ভাব্য মুনাফার হিসাব কষেই এখন শেয়ার কেনাবেচা করছেন তারা। ফলে বাজারে লেনদেনের গতি কিছুটা ধীর হলেও বিনিয়োগকারীদের এই সতর্ক অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।বাজার সংশ্লিষ্টদের মতে, অতীতের লোকসানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিনিয়োগকারীরা এখন আগের মতো যাচাই-বাছাই ছাড়া শেয়ার কিনছেন না। বরং কোম্পানি ও শেয়ারের অবস্থা পর্যালোচনা করে তুলনামূলক হিসাব-নিকাশ করেই বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন। এতে লেনদেনের গতি কমলেও বাজারের জন্য এটি দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।তাদের মতে, কোনো ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় শেয়ারবাজারকে স্থিতিশীল করা সম্ভব নয়। কোনোভাবে স্থিতিশীলতা এলেও তা দীর্ঘস্থায়ী হয় না। বাজারে টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সাধারণ বিনিয়োগকারীদেরও দায়িত্বশীল ও সতর্কভাবে লেনদেন করতে হবে।বাজারে সূচক ও শেয়ারের দাম বাড়তে শুরু করলেই যাচাই-বাছাই না করে যেকোনো শেয়ার কিনলে বিনিয়োগ করা মূলধনের ঝুঁকি বেড়ে যায়। একইভাবে বাজারে পতন দেখা দিলে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে লোকসানে শেয়ার বিক্রি করাও বাজারে নেতিবাচক পরিস্থিতি তৈরি করে। বরং দরপতনের সময়ে ভালো শেয়ারের দাম কমে গেলে তা বিক্রি না করে সুযোগ বুঝে কেনার দিকেই নজর দেওয়া উচিত। কিন্তু অনেক বিনিয়োগকারী সেটি না করায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তাই শেয়ার কেনা বা বিক্রির প্রতিটি সিদ্ধান্তেই সতর্ক থাকা জরুরি।