অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ১০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানিটির দাবি, কয়েক বছর পরিচালন ব্যয় নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার বেশি হলেও ওই অর্থ আত্মসাতের পক্ষে কোনো প্রমাণ নেই। এমনকি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নথিতেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির ব্যাখ্যা প্রকাশ করা হয়।মার্কেট দেখুনসিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘গ্লোবাল ইন্স্যুরেন্সে ১০৪ কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে ব্যাখ্যা জানতে ৩১ আগস্ট গ্লোবাল ইন্স্যুরেন্সকে চিঠি দেয় ডিএসই। এর জবাবে গত ৮ অক্টোবর নিজেদের অবস্থান তুলে ধরে স্টক এক্সচেঞ্জটিকে চিঠি পাঠায় কোম্পানিটি।গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জামিরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সংবাদে কোম্পানিটির অতীতের মোট প্রিমিয়াম আয় ও পরিচালন ব্যয়ের যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তার কিছু অংশ নিরীক্ষিত আর্থিক বিবরণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে অতিরিক্ত পরিচালন ব্যয়ের পরিমাণকে প্রায় ১০৪ কোটি টাকা আত্মসাৎ হিসেবে উল্লেখ করাকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কোম্পানি কর্তৃপক্ষ।