মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি

Date: 2026-10-01 10:00:12
মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
মুনাফা ও পরিচালন নগদ প্রবাহে আগের বছরের তুলনায় উন্নতি করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। চলতি ২০২৫-২৬ হিসাববছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ উভয়ই বেড়েছে। একই সময়ে বিক্রয়লব্ধ অর্থ সংগ্রহ ও রপ্তানি আয় আদায়ের ক্ষেত্রে উন্নতি হয়েছে। ফলে চলতি বছর কোম্পানিটির ডিভিডেন্ড আগের বছরের তুলনায় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চূড়ান্ত ডিভিডেন্ডের পরিমাণ নির্ধারিত হবে পুরো বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে।কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে সিমটেক্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ২৮ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কিছুটা কমেছে।তবে প্রথম প্রান্তিকে পরিচালন নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ২৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ৫৫ পয়সা। একই সময়ে আগের বছরের তুলনায় বিক্রয় কার্যক্রম সন্তোষজনক ছিল এবং বিক্রয়লব্ধ অর্থ সংগ্রহও বেড়েছে। এর ফলে কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় দক্ষতার উন্নতি হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।দ্বিতীয় প্রান্তিকেও মুনাফা ও নগদ প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত থাকে। অক্টোবর-ডিসেম্বর ২০২৫ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা। ফলে একক প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮ পয়সা।

Share this news