মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির

Date: 2026-10-13 10:00:06
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের পরিসর বাড়ানো এবং এ খাতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ উৎসাহিত করতে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাধ্যমে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ও সনদ প্রদানের পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত ব্যক্তিরা লাইসেন্স নিয়ে মিউচুয়াল ফান্ড খাতে কাজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।মানচিত্র দেখুনসোমবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-এর সমাপনী উপলক্ষে ‘ডিজিটাল প্রতারণা ও জালিয়াতি সম্পর্কে সতর্কতা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। রাজধানীর ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।তিনি জানান, নির্ধারিত প্রশিক্ষণ ও সনদ গ্রহণের পর লাইসেন্সধারী এজেন্টরা মিউচুয়াল ফান্ড খাতে কার্যক্রম শুরু করতে পারবেন। পুঁজিবাজারের বিকাশ ত্বরান্বিত করতে এ খাতের পরিধি সম্প্রসারণকে গুরুত্ব দিচ্ছে কমিশন।মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে মাসুদ খান বলেন, আগামী দিনে উন্মুক্ত বা ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের বিকাশ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ প্রসঙ্গে ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটিতে লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্টরা বিমা ব্রোকারদের মতো কাজ করেন। এ ধরনের ব্যবস্থা চালু থাকায় ভারতে মিউচুয়াল ফান্ড শিল্প ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Share this news