দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ

Date: 2026-10-08 10:00:13
দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
দীর্ঘ ৭ মাস ১৫ দিন বন্ধ থাকার পর চালু হওয়ার মাত্র দুই দিনের মাথায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায়। বয়লারে নতুন করে লিকেজ দেখা দেওয়ায় কারখানাটিতে ইউরিয়া উৎপাদন পুরোপুরি স্থগিত করা হয়েছে।কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর গত সোমবার মধ্যরাতে যমুনা সার কারখানায় পুনরায় সার উৎপাদন শুরু হয়। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরের দিকে বয়লারে লিকেজ ধরা পড়লে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।কারখানার উৎপাদন প্রধান ফজলুল হক জানান, বয়লারে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কারখানার অন্যান্য কার্যক্রম সচল রয়েছে এবং অ্যামোনিয়া উৎপাদন অব্যাহত আছে। দ্রুত ত্রুটি মেরামতের কাজ চলছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে সমস্যার সমাধান করে আবারও ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।যমুনা সার কারখানার তথ্য অনুযায়ী, কারখানাটি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১টি জেলায় সার সরবরাহ করে। প্রায় ১ হাজার ৯০০ বিসিআইসি ডিলারের মাধ্যমে এসব এলাকায় কারখানার উৎপাদিত সার পৌঁছে দেওয়া হয়।

Share this news