আরও পাঁচ জীবন বীমা কোম্পানির গ্রাহক পাচ্ছেন ২১ কোটি টাকা
দীর্ঘদিন ধরে বকেয়া বীমা দাবি পরিশোধ না হওয়া এবং গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া আস্থার সংকট কাটাতে ধারাবাহিকভাবে দাবি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এরই অংশ হিসেবে আরও পাঁচটি জীবন বীমা কোম্পানির গ্রাহকদের প্রায় ২১ কোটি টাকার বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর এসব দাবি পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জানা গেছে, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৮২ লাখ টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করবে। এছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ৮২ লাখ টাকার দাবি পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সানফ্লাওয়ার লাইফ ও সানলাইফ ইন্স্যুরেন্সের কত টাকা দাবি পরিশোধ করা হবে, তা নির্ধারণে রোববার আইডিআরএর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।এর আগে আইডিআরএর উদ্যোগে দুই দফায় আট হাজার ৪১৭ জন গ্রাহককে মোট ৩৭ কোটি ৫৪ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপর ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারী ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পেয়েছেন।